করদানে উৎসাহ দিতে কেবল ভিআইপিদের ট্যাক্স কার্ড প্রদান না করে সকল করদাতাদের ট্যাক্স কার্ড প্রদানের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঙ্গে ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাতে তারা বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
এসব প্রস্তাবনায় ডিসিসিআই সভাপতি আবুল কাশেম বলেন, বর্তমানে সীমিত পর্যায়ে প্রদত্ত ট্যাক্স কার্ডের আওতা বৃদ্ধি করে সকল করদাতাকে ট্যাক্স কার্ড প্রদানের মাধ্যমে সব ধরনের সুযোগ সুবিধাসহ সামাজিক স্বীকৃতি দিলে, ব্যক্তি ও ব্যবসায়ীরা করদানে উৎসাহিত হবেন। এতে করে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে করদাতাদের কর প্রদানের সঙ্গে সঙ্গতি রেখে ট্যাক্স কার্ডকে ছয়টি ভাগে করা যেতে পারে। যেমন গ্রীণ কার্ড, গ্রীণ প্লাস কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, গোল্ড প্লাস কার্ড, প্লাটিনিয়াম কার্ড। তিনি আরো বলেন, ট্যাক্স কার্ডকে ইলেকট্রনিক স্মার্ট কার্ড-এ রূপান্তর করা হলে, কর প্রদানের যাবতীয় তথ্য আপডেট থাকবে এবং তা ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা যাবে।
ডিসিসিআই সভাপতি নতুন ভ্যাট আইনে সমন্বিত ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে সাত শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন। তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিযোগী দেশগুলোর রাজস্ব কাঠামোর সঙ্গে মিল রেখে যৌক্তিকভাবে হ্রাসকৃত ভ্যাট আরোপ করা উচিত। একইসঙ্গে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত এবং ৫০ থেকে এক কোটি ২০ লাখ পর্যন্ত তিন শতাংশ হারে মূসক প্রদানের প্রস্তাব করেন।
আবুল কাশেম বলেন, নিবন্ধিত সব ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কর আদায়ে এনবিআরের পদ্ধতি আরো সহজীকরণ করতে হবে, যাতে করদাতাদের হয়রানি কমবে। তিনি ভ্যাট প্রদানে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে উৎসাহী করার লক্ষ্যে ট্যাক্স কার্ডের মতো ভ্যাট স্মার্ট কার্ড প্রদানের প্রস্তাব করেন, যাতে ভ্যাটদাতা স্বেচ্ছায় উৎসাহী হয়ে ৭৩ হাজার ৫৫২ কোটি টাকার ভ্যাট লক্ষ্যমাত্রা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি ভ্যাট ফাঁকি রোধ এবং ভ্যাট প্রদানে জনগণ ও ব্যবসায়ীদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে সরকারি খরচে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) এবং পয়েন্ট অফ সেলস্ (পিওএস) প্রদানের প্রস্তাব করেন।
ডিসিসিআই নেতৃবৃন্দের প্রস্তাবনার জবাবে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ঢাকা চেম্বারের সুপারিশের পরিপ্রেক্ষিতে এনবিআর ট্যাক্স কার্ড চালু করেছিল। প্রথম পর্যায়ে সীমিত আকারে ট্যাক্স কার্ড প্রদান করলেও এখন ১৪০টি ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। ট্যাক্স কার্ড বাড়ানোর এই প্রস্তাব অত্যন্ত আকর্ষনীয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। এজন্য এনবিআর এ বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তিনি এ বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরিতে ডিসিসিআইয়ের সহযোগিতা কামনা করেন।
নজিবুর রহমান বলেন, এনবিআর আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকায় সারা দেশের ‘ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস’-এর জাতীয় সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে তিনি ঢাকা চেম্বারের নেতাদেরকে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, পারভেজ ইকবাল, শাহরিয়ার মোল্লা এবং ডিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
