ভাঙ্গায় এসএসসি'র প্রবেশপত্রে অর্থ আদায়ের অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৬
 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাতটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র প্রদানে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
 
পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তোলন করা টাকা দিয়ে কেন্দ্র চালানো হবে এমন অজুহাতের কারণে টাকা দিতে বাধ্য হয় পরীক্ষার্থীরা। পরীক্ষায় ক্ষতি হবে এই ভয়ে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা বিষয়টি গোপন রাখেন। অনৈতিক ভাবে টাকা আদায়কারী বিদ্যালয় গুলো হলো, আব্দুল্লাহবাদ উচ্চ বিদ্যালয়, আজিমনগর উচ্চ বিদ্যালয়, পুলিয়া উচ্চ বিদ্যালয়, আব্দুর রসিদ মিয়া উচ্চ বিদ্যালয়, সোনামুয়ী উচ্চ বিদ্যালয়, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় ও কাজী ওয়ালীউল্লাহ বিদ্যালয়।
 
জানা যায়, একটি কেন্দ্রের মোট ৫৬০ জন পরীক্ষার্থীদের কাছ থেকে জন প্রতি দুইশত টাকা উত্তোলন করে কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিনের নিকট হস্তান্তর করেছে অন্য বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক।
 
এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জানান, এবছর নতুন কেন্দ্র হিসাবে এসএসসি পরীক্ষা কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রটিতে পরীক্ষার্থী কম থাকায় কেন্দ্রের ব্যয়ভার মেটাতেই পরীক্ষার্থীদের হতে অতিরিক্ত এই টাকা নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্র সচিব মতিয়ার রহমান বলেন, আমরা সকল প্রধান শিক্ষকগণ  আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি। তবে বিষয়টি অনৈতিক হওয়া সত্ত্বেও কেন্দ্র টিকিয়ে রাখতেই এই ব্যবস্থা।
 
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, খবরটি আমরা পেয়েছি। যেসব প্রতিষ্ঠান এ কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এসএস