এখন আর হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই অর্ণবের

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:৫৮

বিনোদন রিপোর্ট

 

হঠাত্ করে ডুব দেওয়ার যেন অভ্যেস সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের। অডিও ও সিনেমার গানের মধ্য দিয়ে তার জনপ্রিয়তার কমতি না থাকলেও মাঝে হঠাত্ যেন হারিয়ে গেলেন তিনি। নতুন কোনো গান নেই অনেকদিন। তবে এই বিরতিতে তিনি স্টপ অ্যানিমেশন নিয়ে কাজ করেছেন বলে জানা যায়। এরপর সম্প্রতি একটি একক কনসার্টের মধ্য দিয়ে তিনি জানান দেন আবারো নিয়মিত হতে যাচ্ছেন তিনি। অর্ণব বলেন, ‘আসলে ঢাকায় স্টুডিওতে বসে থাকতে থাকতে আমার দম বন্ধের মতো অবস্থা ছিল। নতুন কোনো গান নিয়ে কাজ করতে পারছিলাম না। এরপর আমি সিদ্ধান্ত নিই এখান থেকে বের হয়ে কাজ করতে হবে। আমি শান্তিনিকেতন গেলাম। সেখানে নতুন কাজ শুরু করলাম। এখন বেশকিছু কাজের জায়গা তৈরি করেছি। যেখানে আমি ছুটে ছুটে কাজ করতে পারবো। তাই এখন আর হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই।’ সম্প্রতি তিনি কলকাতায় কাজ শুরু করেন। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি একটি ছবি পোস্ট করেন। যেখানে অর্ণব ও অনুপমকে দেখা গেছে। ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সে যে বসে আছে একা একা, আহারে মন আহারে আহা আহা, বৃষ্টি রাতে, একবার বল, এমন অসাধারণ সৃষ্টিগুলোর বিনিময় চলছে, যা আগে দেখা যায়নি। দুই বাংলার সঙ্গীতের দুই আইকন। র্যাডক্লিফ টেনেছে সীমারেখা মিলিয়ে দিয়েছে সুর।’