মেহেরপুরে শিশু অপহরণের সময় পুলিশসহ আটক ২

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩২
 
শিশু অপহরণ করার সময় পুলিশের এক সদস্যসহ তার সহযোগী মেহেরপুরের গাংনী থানা পুলিশের হাতে আটক হয়েছেন। এসময় শিশুটিকে উদ্ধার এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
 
আটককৃত পুলিশ সদস্য কবিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে। সে ডিআইজি অফিসে আরআরএফ পুলিশ সদস্য হিসেবে কর্মরত। তার সহযোগী আল মামুন একই উপজেলার দীঘিরপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
 
উদ্ধারকৃত শিশু সজিব হোসেন (১২) গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়া এলাকার আজিজুল হকের ছেলে। তাকে পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বামুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মধ্যে আল মামুনকে গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং পুলিশ সদস্য কবিরুল ইসলামকে বুধবার ভোর রাতের দিকে খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে প্রেরণ করা হয়েছে।
 
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, বিকালের দিকে হাড়াভাঙ্গা এলাকা থেকে শিশু সজীব হোসেনকে দুই জন মোটরসাইকেল আরোহী অপহরণ করে নিয়ে পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বামন্দী-কাজীপুর রাস্তার বামন্দী এলাকায় ব্যারিকেড দেয়া হয়। এসময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এসএস