হাটহাজারীতে সিমা আকতার (২৭) নামের এক গৃহবধূর নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০মার্চ) দুপুর একটার দিকে পৌরসভার আদর্শগ্রামের দক্ষিণ পাহাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমা ঐ এলাকার প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী। কিছুদিন আগে প্রবাস থেকে আইয়ুব আলী দেশে আসে। ঘটনার দিন তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের কারণে সিমা আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। সিমার ১০ বছরের সংসারে জামিলা নামের ৭ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
হাটহাজারী মডেল থানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বা কি কারণে এই ঘটনা তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে আসল ঘটনা জানা সম্ভব হবে বলে জানায় মডেল থানা পুলিশ।
আরও পড়ুনঃ সান সেড মাথায় ধ্বসে পড়ে শিশুর মৃত্যু
এ ঘটনায় বর্তমানে মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
