স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৪
পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্রকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী। 
 
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শোলাবাড়িয়া নামক স্থানে পাবনা-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিভিন্ন গ্রামবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ব্যানার, ফেষ্টুন নিয়ে মিছিল সহকারে সমাবেত হয়।
 
এ সময় মহাসড়কের প্রায় ২ কিলোমিটার মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে যান চলাচল বন্ধ হয়। ঘটনাস্থলে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক উপস্থিত হয়ে এলাকাবাসীদের আশ্বস্ত  করে বলেন, এ নির্মম খুনের ৪ জন আটক হয়েছে, বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
 
স্কুলছাত্র অভি হত্যার তীব্র প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন, অভির বাবা ইমরান হোসেন বাবু, ইউপি সদস্য আঃ বাকি, ছাত্রলীগ নেতা আহসান হাবীব প্রমুখ। 
 
উল্লেখ্য, গত ২রা ফেব্রয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে ও আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান অভিকে (১৩) নির্মমভাবে হত্যা করে পাবনা-ঢাকা মহাসড়কের পাশে শোলাবাড়িয়া মাঠের মধ্যে লাশ ফেলে রেখে যায়।
 
ইত্তেফাক/নূহু