নতুন ইসিকে জনগণের আস্থা অর্জন করতে হবে: বার্নিকাট

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৬
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’
 
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
বৈঠকে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, ‘আমি ৩৫ বছর ধরে কূটনৈতিক কাজে জড়িত, কিন্তু বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক পরিবেশে কখনও থাকিনি। রাজনৈতিক বিষয়গুলো ভালভাবে জানতে আমরা সব সময় আলোচনা করে থাকি।’
 
রোহিঙ্গা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমাদের অনেক প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। রোহিঙ্গারা সেখানে যেতে চায় কি না, তাও দেখতে হবে। মনে রাখতে হবে রোহিঙ্গারা মানসিক আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইব না যাতে তারা পুনরায় মানসিক আঘাত পায়।’
 
ইত্তেফাক/আনিস মণ্ডল