পাঠ্যপুস্তক প্রাণী হত্যা শেখাচ্ছে ভারতীয় শিশুদের!

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪
ভারতে বাচ্চাদের স্কুলের পাঠ্যবইতে প্রাণী হত্যা সংক্রান্ত বিষয়বস্তুর উদাহরণ পাওয়া গেছে।  সেখানকার শত শত প্রাইভেট স্কুলের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত একটি বইতে বিজ্ঞান গবেষণার মাধ্যমে বিড়ালছানা হত্যার শিক্ষা দেয়া হচ্ছে। 
 
ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং নিউজ- বিবিসি এ বিষয়ে একটি প্রতিবেদন ছেপেছে। এ নিয়ে দেশটির প্রাণী অধিকার আন্দোলনের কর্মীরা বেজায় খেপেছেন। কোমলমতি শিশুদের এ ধরণের শিক্ষা প্রাণীজগৎ ও শৈশবের মানসিকতার বড় হুমকি হিসেবে দেখছেন অনেকেই। এরমধ্যে কিছু স্কুল পাঠ্যপুস্তক থেকে এই পৃষ্ঠাগুলো ফেলে দিয়েছে।
 
পরিবেশ বিজ্ঞান নামক বইটিতে ‘আমাদের সবুজ পৃথিবী’ নামক অধ্যায়ের ‘জীবনের জন্য বাতাস অপরিহার্য’ বিষয়টি বোঝাতেই এমন উদাহরণ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আবদ্ধ দুটি বাক্সের ভেতর দুটি বিড়াল ছানা রাখলে, যে বাক্সটিতে ছিদ্র থাকবে তার ভেতরের ছানাটি বেঁচে থাকবে। অন্যটি বাতাসের অভাবে মারা যাবে।’ তবে, আগামী সংস্করণে এ সংক্রান্ত ভুল-ত্রুটি সরিয়ে ফেলা হবে বলে প্রতিশ্রুতি দেন বইটির প্রকাশক প্রবেশ গুপ্ত।
 
ইত্তেফাক/ সেতু