চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সরকারি দীঘিতে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জেরে মাহিদুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় সাবান নামে আরেক ব্যক্তিও আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত মাহিদুর দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ির মৃত বাহার আলীর ছেলে। আহত মাহিদুর রহমানের শ্যালক শামিম হাসান জানান, সরকারি কোত্তাল নামে একটি দীঘি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন মাহিদুর রহমান ও তার লোকজন।
দুপুরে জাল নিয়ে সেখানে মাছ ধরতে যান মাহিদুরসহ তার লোকজন। এ সময় প্রতিপক্ষ মাইনুল ইসলামের সমর্থকরা তাদের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মাহিদুরকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
অপর আহত সাবানকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ হাটহাজারীর আদর্শগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার
এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
