চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে চিটাগাং ডক ইয়ার্ডে ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বাহাদুর (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ডক ইয়ার্ডের ঠিকাদার।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কোলাগাঁও গ্রামের সিরাজ শাহ মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আওয়ামী প্রজন্মলীগ উপজেলার কোলাগাঁও ইউনিয়ন শাখার সভাপতি এবং ২নং ওয়ার্ডের বকশী মিয়া মেম্বার বাড়ি এলাকার মৃত রফিক আহমদের ছেলে।
নিহত বাহাদুরের ভগ্নিপতি মোকতার আহমেদ বলেন, ‘কোলাগাঁও এলাকার চিটাগাং মেরিন ডক ইয়ার্ডে ঠিকাদারীর ব্যবসা করতেন বাহাদুর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি কর্মস্থল থেকে বাড়িতে ফিরেন। পরে রাত ১০টার দিকে স্থানীয় সন্ত্রাসী যুবক আবদুল মান্নান মান্না তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কোলাগাঁও সিরাজশাহ মাজারগেইট এলাকায় রাত সাড়ে ১১টার দিকে মান্নাসহ ৪/৫ জন মুখোশধারী সন্ত্রাসী উপর্যপুরি ছুরিকাঘাত করে বাহাদুরকে খুন করে।’
তিনি জানান, গত ৮ মাস পূর্বে চিটাগাং মেরিন ডক ইয়ার্ডে বাহদুরের সঙ্গে আবদুল মান্নান প্রকাশ মান্নার ডক ইয়ার্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ হয়। এ বিরোধকে কেন্দ্র করে মান্না বাাহদুরকে দুই বার হত্যার চেষ্টা করে। এ নিয়ে বাহাদুর মান্নার বিরুদ্ধে পটিয়া থানায় ২টি অভিযোগও দায়ের করা রয়েছে।
পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিএিম জানান, ‘বাহাদুরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে মুমূর্ষ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনের সঙ্গে জড়িতদের খুব দ্রুত গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
