কেনিয়াগামী ৭৪ যাত্রী আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮
 
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে কেনিয়ায় যাওয়ার পথে ৭৪ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পর তাদের আটক করা হয়।
 
বিমানবন্দর এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ জানান, স্বল্পমেয়াদী ভিসা দেখে আমাদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। একটি সংঘবদ্ধ চক্র লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কেনিয়া নিয়ে যাচ্ছিল। চক্রটিকেও আটক করা চেষ্টা চলছে বলে তিনি জানান।
 
শনিবার বিস্তারিত তথ্যে পুলিশ জানায়, অবৈধ ভাবে  দুবাই যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা পাসপোর্টও  জব্দ করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
 
ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, আটককৃত প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ এর ভেতর। সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫১ ফ্লাইটে দুবাই যাবার কথা ছিল তাদের। এরপর চাকরির জন্য কেনিয়ার নাইরোবি যাওয়ার কথা বলে দাবি করছে তারা।
 
কেনিয়ায় অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায় বলে প্রথমে তাদের সন্দেহ হয়নি। পরে তাদের থেকে জানা যায়, দুবাইয়ে বিমানবন্দরে ৩/৪ দিন অবস্থান করবে তারা। সেখানের ভিসা নেই। থাকার মতো কোনো জায়গাও নেই।
 
বিদেশে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র তাদের কাছে না থাকায় পাসপোর্ট জব্দ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাহবুবুর।
 
প্রতারক চক্রের সদস্যরা এরই মধ্যে তাদের কাছ থেকে তিন থেকে চার লাখ টাকা করে রেখেছে বলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, “দুবাই থেকে উন্নত চাকরি দেওয়ার কথা বলে লিবিয়াসহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে তাদের অবৈধভাবে নেওয়ার কথাও ছিল।
 
বিমানবন্দর আর্মড পুলিশের অধিনায়ক রাশেদুল ইসলাম বলেন, দরিদ্র পরিবারের সদস্যদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র তাদের বিদেশে নিতে চেয়েছিল।
 
তাদের আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় তথ্য নিয়ে পরিবারের কাছে যেতে দেওয়া হবে। তথ্য সংগ্রহ করে প্রতারক চক্রের সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা করা হবে বলে জানান ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপার মাহবুবুর রহমান।
 
ইত্তেফাক/আরএ