‘চার লেনে উন্নীত করা হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১০
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে সমাবেশ করা যাবে না। বিএনপি এখন নালিশ পার্টি। বিএনপি বুঝতে পেরেছে নির্বাচনে তারা জিততে পারবে না, তাই তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। রাষ্ট্রপতি নিরপেক্ষ নির্বাচন কমিশন করেছে। তারা চায় আজিজ মার্কা নির্বাচন কমিশন। বিএনপি ৫৯৬ জনের কমিটি নিয়ে রাজপথে মিছিল করার সাহস দেখাতে পারবেনা। তারা ঘরে বসে পুরোনো রেকর্ড বাজাচ্ছে। 
 
শনিবার সকালে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পটিয়া বাইপাস সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নিলেও এরা এ মহাসড়ককে চার লেনে করতে আগ্রহ প্রকাশ করেছে। জাপান সরকার এ সড়কের সবগুলো ব্রিজ নির্মাণ করে দিবে। 
 
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। দলের কর্মী কমিয়ে নেতা বৃদ্ধির করার প্রয়োজন নেই। ভালো ব্যবহারের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের মন জয় করতে হবে। খারাপ আচরণের লোক আওয়ামী লীগের দরকার নেই। দলকে সংগঠিত করতে হবে, ভালো লোকদের আওয়ামীলীগের আনতে হবে। দল ক্ষমতায় আসলে অনেক বসন্তের কোকিলের দেখা মিলে। তার জন্য নেতার চেয়ে কর্মীর সংখ্যা বাড়াতে হবে। নেতাদের কারনে দলের ভেতরে বিরোধ সৃষ্টি হচ্ছে। দু:সময়ে যারা দলের জন্য ভূমিকা রেখেছিল তাদেরকে  মূল্যয়ন করতে হবে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম