মুসলিম উম্মাহ’র সুখ-শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনের খুলনা জেলা ইজতেমা শেষ হয়েছে।
শনিবার দুপুর ১২টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১৫ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের শুরা সাথী মাওলানা ফারুক হুসাইন। মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকায় ‘আমিন’, ‘আমিন’ ধ্বনি উচ্চারিত হয়। সকাল থেকেই ইজতেমা ময়দান, আশেপাশ এলাকা ও পীর খানজাহান আলী (র.) বাইপাস সড়ক মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।
খুলনার ধর্মীয় উৎসবে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি এই প্রথম। গত বৃহস্পতিবার থেকে শহরের অদূরে জিরোপয়েন্ট সংলগ্ন ছয় লাখ বর্গ ফুট এলাকার প্যান্ডেলজুড়ে তিন দিনের খুলনা জেলা ইজতেমা শুরু হয়। ২০১৯ সালে পুনরায় খুলনায় জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতের আগে পীর খানজাহান আলী (র.) সেতুর পশ্চিম প্রান্ত থেকে জয় বাংলার মোড় এবং গল্লামারি থেকে নিজখামার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকাল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। মোনাজাতের পরই ময়দান ত্যাগ করে মুসল্লিরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করে। ফিরতি যাত্রায়ও তীব্র যানজটের সৃষ্টি হয়।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
