‘বিষমুক্ত সবজি উত্পাদনে কৃষকদের সচেতন করতে হবে’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৯

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ (এসডিআই) আয়োজিত নিরাপদ সবজি মেলা ও পিঠা উত্সব গতকাল শনিবার ধানমন্ডিস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ড. মো. আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী ও নাট্যকার জাহানারা আহমেদ, অভিনেত্রী দিলারা জামান, চিত্রনায়িকা নূতন ও অভিনেত্রী দিলারা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক। সাধারণ আলোচনায় অংশ নেন সংস্থার কয়েকজন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চিত্রনায়ক ফারুক বলেন, সুস্থ শরীরের জন্য দরকার নিরাপদ খাদ্য। আর খাদ্যের অন্যতম উপাদান হলো সবজি। তিনি বিষমুক্ত সবজি উত্পাদনে কৃষকদের সচেতন করার পাশাপাশি রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহারের পরিবর্তে জৈব সার ও প্রাকৃতিক উপায়ে ক্ষতিকারক পোকামাকড় দমনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি এসডিআই-এর উদ্যোগকে স্বাগত জানান।

উল্লেখ্য, এসডিআই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ নানা সামাজিক উন্নয়ন ও সমসাময়িক সমস্যা থেকে উত্তরণে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছে। পিকেএসএফ-এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে এসডিআই’র সংগঠিত ও প্রশিক্ষনপ্রাপ্ত কৃষকগণ জৈব প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উত্পাদন করছে।

ইত্তেফাক/নূহু