হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে খোয়াই নদীর তীরের শহররক্ষা বাঁধ অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনে চৌধুরী বাজার খোয়াই মুখ থেকে কামড়াপুর পর্যন্ত নদীর ভেতর ও বাইরের অংশে তীর দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত রানা ও ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান। তাদের সার্বিক সহযোগিতা করে সদর থানা পুলিশ।
পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর দুই তীরে শহর অংশ দখলে নিয়ে কিছু লোক অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। বছরের পর বছর ধরে তারা এসব জমি দখল করে রেখেছে। অনেকেই আবার এসব জমি অবৈধভাবে বিকিকিনি করছেন। এ অবস্থায় বার বার তাদেরকে স্থাপনা সরানোর জন্য নোটিস দেওয়া হলেও তারা তাতে কর্ণপাত করে না। ফলে প্রতি বছরই নদীর বাঁধ বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। কিন্তু অবৈধ দখল থাকার কারণে বাঁধের সংস্কার কাজও করা যাচ্ছে না। তাই এবার অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত রানা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলমান থাকবে।
