যশোরে আধিপত্যের কোন্দলে যুবককে হত্যা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৫
 
যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে আধিপত্য বিস্তারের কোন্দলে শনিবার রাতে বিপ্লব হোসেন (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
নিহত বিপ্লব ওই উপজেলার জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের পুত্র। সে স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার রাতেই বিপ্লবের সমর্থকরা নাভারন বাজারে যশোর-বেনাপোল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
 
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা যায়নি। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান