অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক সাইফুল ইসলাম জুয়েলের রোমান্টিক বই ‘দূর দ্বীপবাসিনী’ ও শিশুতোষ গল্প ‘এলিয়েন ভুত’।
বইটি সম্পর্কে লেখক সাইফুল ইসলাম জুয়েল বলেন, ‘দূর দ্বীপবাসিনী উপন্যাসটি মূলত একটি গল্পের বিশদরূপ ও পাঠকের চাহিদাপূরণের অভিপ্রায় মাত্র। ২০১০ সালে একটি জাতীয় দৈনিকে এই শিরোনামেই একটি ছোটগল্প প্রকাশিত হয়। যে গল্প পড়ে পাঠক-মহল থেকে শুরু করে সেই পত্রিকার সম্পাদকীয় পর্যায়ের লোকজনের কাছ থেকে বিপুল সাড়া পাই। অনেকেই এই কাহিনির বিস্তারিত লিখে জানানোর দাবি জানান। তাদের দাবি এটাকে বইয়ে রূপ দেয়া হোক। কেননা, ছোটো গল্পের সংজ্ঞা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বলা ‘শেষ হইয়াও হইল না শেষ’ কথাটির মতোই, পাঠকরা সেই গল্পের মজায় ঢুকে যেন শেষটা খুঁজে পাচ্ছিলেন না। এক ধরনের অতৃপ্তি তাদের মনে রয়ে গেছিল। তখন থেকেই বিষয়টি আমার মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে। এতদিনে তা পরিপূর্ণতা পায়। আশা করছি, পাঠক এবারও মজায় ডুবে যাবেন!’
বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। প্রকাশক অনিন্দ্য প্রকাশ। ১২৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। রোমাঞ্চকর ও রোমান্টিক ধাঁচের এ বইটির পাওয়া যাবে বইমেলার ৪৫৬-৪৫৯ নম্বর স্টলে।
এ বইটি ব্যতিত লেখকের আরো একটি বই এবার বাজারে আসছে। শিশুতোষ ভূতের গল্পের বই ‘এলিয়েন ভূত'-এর প্রকাশক দেশ পাবলিকেশন্স। মেলায় পাওয়া যাবে ৫০২-৫০৩ নং স্টলে। সোহেল আশরাফের প্রচ্ছদে এবং রবিউল ইসলাম সুমনের অলঙ্করণে রয়েল সাইজের ২৪ পৃষ্ঠার বইটির মূল্য একশত টাকা।
এ নিয়ে সাইফুল ইসলাম জুয়েলের মোট বইয়ের সংখ্যা পৌঁছল আটে। অন্য বইগুলো হলো- বৃত্তের ভেতর বাহির, ভালোবাসি বলেই, তপুর গোয়েন্দাগিরি, প্রেম বালিকা, কোথায় খুঁজি তারে এবং তপুর গোয়েন্দাগিরি-২ : হিরামন পাহাড়ের রহস্য।
সাইফুল ইসলাম জুয়েল বহুমাত্রিক প্রতিভার অধিকারী। গল্প, উপন্যাস ছাড়াও রম্যজগতে তার দখল রয়েছে। দৈনিক ইত্তেফাকের ফান সাপ্লিমেন্ট ‘ঠাট্টা’র বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
ইত্তেফাক/মাহাদী/রাফাত
