ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের কুলগ্রাম জেলায় প্রায় ১০ ঘণ্টা ধরে চলা সেনা অভিযানে অন্তত ২ সেনাসহ সন্দেহভাজন আরও ৪ জঙ্গি মারা গেছে। এখনও অভিযান চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার ফ্রিশাল গ্রামে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এসময় হিজবুল মুজাহিদীন ও লস্কর-ই-তাইয়িবার ৭ সদস্য একটি বাড়িতে বৈঠক করছিল। এসময় তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় সেনা সদস্যদের।
সংঘর্ষে ২ ভারতীয় সেনা এবং ৪ জঙ্গি সদস্য নিহতের কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। এক সেনা কর্মকর্তা বলেছেন, ‘এখনও অভিযান চলছে। হতাহতের সংখ্যা সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আসছে।’
সেনাবাহিনীর গুলিতে অন্তত ৪ জন নিহত হলেও এদের সঙ্গী ৩ সদস্য পালিয়ে গেছে বলে জানা গেছে। পলাতক বাকি হিজবুল সদস্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। ওই ৪ হিজবুল সদস্যের মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। তাদের মধ্যে মুহাম্মাদ হাশিম ও মুদাসসির তান্তিরি নামে দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সশস্ত্র কাশ্মিরি নেতা নিহত হয়েছেন। কাশ্মিরের উত্তর পশ্চিমাঞ্চলীয় বারামুল্লা জেলার রাজনৈতিকভাবে উত্তপ্ত সপোরে শহরে ঢোকার মুখে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন।
ইত্তেফাক/সেতু
