রায়পুরে দলীয় কার্যালয় ভাঙচুর!

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:১৬

আওয়ামী লীগের ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের টেবিল, চেয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান পান্নুসহ ৬৫ নেতাকর্মীর নামোল্লেখ করে রায়পুর থানায় লিখিত এই এজাহার দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওসমান খাঁন।

উত্তর চরবংশী ইউপির আওয়ামী লীগের আহবায়ক ওসমান খাঁন বলেন, উপজেলা নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলতাব হোসেন ও তার ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনের মধ্যে মতবিরোধ রয়েছে। এর জের ধরে তার শতাধিক লোকজন কার্যালয় ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনাটি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সাথে আলোচনা করে এজাহার দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের পরও ওসি এখনো মামলাটি না দিয়ে অভিযোগ আকারে রেখেছেন।

অভিযুক্ত উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান মো. হোসেন বলেন, এ ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। বড় ভাই আলতাব হোসেন হাওলাদার নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। কেউ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে কার্যালয় ভেঙেছে। এখন আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।

রায়পুর থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া এজাহারের বিষয় নিশ্চিত করে বলেন, খাসেরহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার ও টেবিল ভাঙচুরের ঘটনায় ওসমান খান বাদী হয়ে ৬৫ জনের নামোল্লেখ করে একটি এজাহার করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত খাসেরহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার ও টেবিল ভাঙচুর করে পালিয়ে যায়।