আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:২০

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

শনিবার নগরকান্দায় আওয়ামী লীগের দু গ্রুপ পাল্টাপাল্টি মানববন্ধন করেছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির গাড়ি বহরে হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তি দাবিতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা গাড়ি বহরে হামলায় নেতৃত্বদানকারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য জামাল হোসেন মিয়া ও তার ভাই জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়াকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তাদেরকে নগরকান্দায় অবাঞ্চিত ঘোষণা করেন।  অন্যদিকে একই সময়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড়ে জামাল হোসেন মিয়ার পক্ষে নগরকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামানের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০১৭ সালের ১২ অক্টোবর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির গাড়ি বহরে হামলা হয়।