ব্রিটেনের নতুন সাইবার নিরাপত্তা কেন্দ্র উদ্বোধন করবেন রাণী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৮
 
ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র উদ্বোধন করবেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। রাশিয়া থেকে চালানো ক্রমবর্ধমান সাইবার হামলা ঠেকানো ও ব্রিটেনের প্রচেষ্টা বাড়াতে নতুন এ কেন্দ্র চালু করা হচ্ছে মঙ্গলবার।
 
বার্তা সংস্থা এএফপি জানায়, ৯০ বছর বয়সী রাণী লন্ডনে এ কেন্দ্র উদ্বোধন করবেন। এ সময় তার ৯৫ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ এবং অর্থ মন্ত্রী ফিলিপ হ্যামন্ডসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী হ্যামন্ড ভাষণ দেবেন। তার ভাষণের সংক্ষিপ্তসার ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। ভাষণকালে তিনি সাইবার হামলা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 
সাইবার হুমকি মোকাবেলায় গত নভেম্বরে সরকার ১৯০ কোটি পাউন্ডের বিভিন্ন কৌশলের কথা জানিয়েছিল। এর অংশ হিসেবে নতুন সাইবার কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হচ্ছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাইবার কেন্দ্রে ১শ’ পদ সৃষ্টি করা হচ্ছে। বেসরকারি খাতে কর্মরতদের অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেয়া হবে।
 
ব্রিটেনের গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ জানায়, ওয়েবসাইট ও ই-মেইল অ্যাকাউন্টগুলো উন্নত সুরক্ষার মত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়াই সাইবার কেন্দ্র চালুর লক্ষ্য।
 
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সিয়ারান মার্টিন সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন, কিছুদিনের মধ্যে বড় ধরণের সাইবার হামলা হতে পারে। আর সংশ্লিষ্ট কর্মীরা এ ধরণের হামলা ঠেকাতে তৎপর রয়েছে। বাসস।
 
ইত্তেফাক/রাফাত