যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সাবেক সেনা কর্মকর্তা জোসেফ কিথ কেলোগের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
রুশ কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ থাকা নিয়ে শুরু হওয়া বিতর্কের জের ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, ওবামা আমলে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তিনি ট্রাম্পের দায়িত্বগ্রহণের আগেই আলোচনা করেছিলেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন ফ্লিন। সেই সঙ্গে ওই পদে অন্তর্বর্তীকালীন নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জোসেফ কিথ কেলোগকে।
৭২ বছর বয়সী কেলোগ ওহাইও অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি ৩৬ বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ভিয়েতনাম যুদ্ধে সেনা কর্মকর্তা হিসেবে, কম্বোডিয়া যুদ্ধে বিশেষ কর্মকর্তা হিসেবে এবং ইরাক যুদ্ধে এয়ারবোর্ন ডিভিশনের চিফ অব স্টাফ হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এয়ারবোর্ন ডিভিশনের দায়িত্বে ছিলেন।
সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর কেলোগ বেশ কয়েকটি বৃহৎ কোম্পানিতে কাজ করেছেন। তিনি টেক-জায়ান্ট ওরাকলসহ প্রতিরক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান কিউবিক ডিফেন্সেও কাজ করেছেন।
ফ্লিনের মতো হোয়াইট হাউসে অতোটা প্রভাব নেই কেলোগের। ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা শিবিরে তার খুবই সাধারণ সম্পর্ক ছিল। পরে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চিফ অব স্টাফ ও নির্বাহী সচিব হিসেবে তার নাম ঘোষণা করা হয়। দ্য গার্ডিয়ান।
ইত্তেফাক/সেতু
