পাকিস্তানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দুই কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১
বোমা নিষ্ক্রিয় করার সময় সোমবার পাকিস্তানের কোয়েটায় এক শীর্ষ কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছে। দেশটির পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে। 
 
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক কমান্ডার এবং তার এক সহকর্মী সোমবার বোমা নিষ্ক্রিয় করতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে পৃথক একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ১৩ জন নিহত ও ৮০ জনের বেশি আহত হয়। 
 
এদিকে দুই কর্মকর্তা সম্পর্কে কোয়েটার পুলিশের উপ-মহাপরিচালক আব্দুল রাজ্জাক চিমা জানিয়েছেন, তারা ঘটনাস্থলেই মারা গেছেন, তাদের শরীর পুরো উড়ে গেছে। সুন্নি মুসলিম জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি আল আলামি মঙ্গলবার এ হামলার দায় স্বীকার করেছে। ওদিকে লাহোর হামলায় ঘটনাস্থলে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির