বিশেষ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিটি করপোরেশন যে ঘোষণা দিয়েছে সেটা তারা দেখবে। ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে কাজ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ভারী যন্ত্রপাতিগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাখা হবে। নিরাপদ ঢাকা নিশ্চিত করার কাজ চলছে। এর জন্য আরো কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে। গতকাল শনিবার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, তদন্তে বিল্ডিং কর্তৃপক্ষ কিংবা অন্যকারো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, বহুতল ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে না। তা মেনেই বহুতল ভবন নির্মাণ করতে হবে। বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধারকাজ করতে স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন. সব ক্ষেত্রেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব, আইনশৃঙ্খলারও উন্নতি হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ৭৫ এর খুনিদের দেশে এনে বিচার করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
