মুসলিম বিজ্ঞানীকে অপদস্থ করল মার্কিন শুল্ক বিভাগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫০
মুসলিম ধর্মাবলম্বী নাসা বিজ্ঞানীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তা আনলক করতে বাধ্য করেছে মার্কিন প্রশাসন। দেশটির শুল্ক কর্মকর্তারা ওই কাজ করেন বলে অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ওই বিজ্ঞানী।
 
সিদ বিকন্নওয়র নামে বছর পঁয়ত্রিশের ওই বিজ্ঞানী ফেসবুকে পোস্ট করে গোটা বিষয়টি জানিয়েছেন।
 
তার ভাষ্য, তাকে হিউস্টনের জর্জ বুশ বিমানবন্দরে যাওয়ার অনুমতি দেওয়ার আগে মার্কিন শুল্ক কর্মকর্তারা ফোন কেড়ে নিয়ে পাসওয়ার্ড বলতে বলেন। ফোনটি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেন সিদ।
 
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গত সপ্তাহে বাড়ি ফেরার সময় আমাকে শুল্ক কর্মকর্তারা আটক করেন। মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার পর গ্রেফতার হওয়া ভিনদেশিদের সঙ্গে আমাকে রাখা হয়েছিল। আমার কাছে শুল্ক কর্মকর্তারা ফোন চান। কিন্তু ফোন আমি দিতে চাইনি। কারণ, ফোনটি নাসা আমাকে দিয়েছিল। তাতে নাসার গোপন তথ্য ছিল।'
 
তিনি আরও লিখেছেন, 'আমি স্পষ্ট বলতে চাই, আমি জন্মসূত্রে মার্কিন নাগরিক। নাসার ইঞ্জিনিয়ার। আমার কাছে বৈধ মার্কিন পাসপোর্ট ছিল। আমার দু‍’টি ফোন থেকে সমস্ত ডেটা কপি করার পর আমাকে মুক্ত করা হয়।'
 
এই ঘটনার পর থেকে 'বেশ বিব্রত' বলে জানিয়েছেন ওই মার্কিন নাগরিক।
 
ইত্তেফাক/মনসুর