একের পর এক আগুন নাশকতা কিনা খতিয়ে দেখুন :সাঈদ খোকন

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:৩৭

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি একের পর এক সংঘটিত অগ্নিকাণ্ডগুলো নিছক দুর্ঘটনা; নাকি এর পেছনে কোনো নাশকতা আছে তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল শনিবার ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা:চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় মেয়র এই আহ্বান জানান। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ মতবিনিময় সভার আয়োজন করে। 

মেয়র বলেন, ব্যবসায়ীদের মধ্যে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কি-না সেবিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। জাতীয় অর্থনীতিতে পুরান ঢাকার ব্যবসায়ীদের অবদানের কথা উল্লেখ করে মেয়র বলেন, নিরপরাধ কোনো জীবনহানি যেন না ঘটে, সেবিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। জীবনের বিনিময়ে কোনো ব্যবসা নয়।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, ব্যবসায়ী আরিফ হোসেন, ওয়াকার আহমেদ চৌধুরী প্রমুখ।

ওসামা তাসীর হাজারীবাগের ট্যানারি শিল্পের উদাহরণ দিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্যাদির ক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে তা পুরনো ঢাকা হতে অন্যত্র স্থানান্তর করা যেতে পারে। তিনি কেমিক্যাল ব্যবসায় সম্পৃক্তদের প্রশিক্ষণ প্রদান এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এ ছাড়া উদ্যোক্তা, গবেষক, বিজ্ঞানী, শিল্পপতি, সরকারের বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে ‘রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা’ বিষয়ক সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব করেন।