উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয়ের ওপর গুরুত্ব দিতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৬

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, শুধু মন্ত্রণালয় ও সংস্থাই নয়, বেসামরিক ও সামরিক সংস্থার মধ্যেও উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় করা যায়। এর ফলে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।

গতকাল বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) দুদিনব্যাপী স্থাপত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমআইএসটির কমান্ডেন্ট মেজর জেনারেল আবুল খায়ের এতে সভাপতিত্ব করেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সরকারের সব      মন্ত্রণালয় ও বিভাগই উন্নয়ন কর্মকাণ্ড করে। এসব কাজের মধ্যে অনেক সময় সমন্বয় থাকে না। এজন্য পরিবেশের বিষয়টি সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা যায় না। তিনি বলেন, উন্নয়ন কাজে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, দেশের অন্যান্য স্থান তেমন গুরুত্ব পায় না। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, সাইকো্লন সেন্টারসহ অনেক স্থাপনা নির্মাণ করা হলেও অনেক সময় এক্ষেত্রে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয় না। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশের ক্ষতি হচ্ছে বেশি। কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য কোনো একক দেশ দায়ী নয়। আমরা সবাই পরিবেশ দূষণের জন্য দায়ী। সেদিক বিবেচনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিবেশ ও বন মন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এর ফলে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে। তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর বাংলাদেশের অসাধারণ উন্নতি হয়েছে। বিশ্বের যে কোনো ফোরামে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। মনে রাখতে হবে আমরা যে রাজনৈতিক দলের আদর্শেই বিশ্বাস করি না কেন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আমরা দেশ স্বাধীন করেছি। এখন তরুণদের দেশকে এগিয়ে নিতে হবে।

এমআইএসটির কমান্ডেন্ট মেজর জেনারেল আবুল খায়ের বলেন, দেশের স্থাপত্য শিল্পের উন্নয়নে এমআইএসটি ভবিষ্যতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিশেষ করে পরিবেশের ক্ষতি না করে কিভাবে স্থাপত্য নির্মাণ করা যায় তা এই স্থাপত্য মেলার মাধ্যমে অর্জন করা সম্ভব হতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে স্থপতি মো. ফয়েজউল্লাহ বলেন, টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সব পর্যায়ে কাজ হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি কাজ করছেন স্থপতিরা। যে কোনো স্থাপত্য নির্মাণে তিনি পরিবেশের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

এর আগে আনোয়ার হোসেন মঞ্জু স্থাপত্য মেলার উদ্বোধন করেন এবং সেখানে এমআইএসটির শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্থাপত্য নকশা পরিদর্শন করেন।

ইত্তেফাক/নূহু