এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা মামলাটি গতকাল বনানী থানায় রুজ্জু করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার সড়কে ওয়ান-ওয়ে (একমুখী) যান চলাচলের ট্রাফিক পদ্ধতি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার এই তথ্য দেন। তবে গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে বনানী থানার ওসি ফরমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার ব্যাপারে তিনি কিছুই জানেন না। বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলাটির বাদী হবে পুলিশ। তবে মামলায় কতজন আসামি হবেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাতে পারেননি।
আরো একজনের মৃত্যু: অগ্নিকাণ্ডে দগ্ধ আবু হেনা মোস্তফা (৪০) মারা গেছেন। গতকাল সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থা মারা যান আবু হেনা। এ নিয়ে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। অপরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউতে রেজোয়ান নামে একজনের অবস্থা আশঙ্কজনক।
আবু হেনা এফআর টাওয়ারে হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি ঢাকার পুরাতন কচুক্ষেত, বাড়ি নম্বর ২২৩/এ। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান তার বড় ভাই।
