এবারের বই মেলায় প্রকাশিত হল মোস্তাফিজ মিঠু’র প্রথম অনুকাব্যের বই ‘সোডিয়াম বাতির প্রেম’। দেশ পাবলিকেশন্সের ব্যানারে ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার মেলায় পাওয়া যাবে বইটি (স্টল: ৫০২, ৫০৩)।
লেখকের চোখে দেখা উপলব্ধি, আক্ষেপ, হতাশা, প্রাপ্তির গল্পগুলোকে রূপ দিয়েছেন কাগজের ক্যানভাসে। মলাট বাঁধা বইয়ে। নিত্য কাজ শেষে, কিংবা আড্ডামুখর জীবনের সন্ধ্যা নামলে বাড়ি ফেরা হয়, সেই তো একই চিরচেনা সোডিয়াম আলোর রাস্তায়। সেও নাগরিক অভ্যাস। সে আলো ঘিরেই তো নিয়ম-অনিয়মের জীবন। আমার কিংবা তোমার। তাই নিজের এসব উপলব্ধি আর অনুভূতির নাম দিয়েছেন ‘সোডিয়াম বাতির প্রেম’।
প্রথম বইটি প্রসঙ্গে লেখক বলেন, ‘পুরোপুরি অপ্রস্তুত অবস্থা থেকে অনুকাব্যগুলোকে বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া। বইটিতে ৪০টি অনুকাব্য রয়েছে। প্রতিটি অনুকাব্য আমার জীবন ও আশেপাশের পরিবেশের উপলব্ধি থেকে লেখা। তবে এখানে একটি কবিতাও আমি কোন প্রস্তুতি নিয়ে বা খাতা-কলম নিয়ে বসে লিখিনি। মনে অজান্তেই শব্দগুলো মাথায় পোকার মতো ঘুরাঘুরি থেকেই এক একটি অনুকাব্যে সৃষ্টি হয়েছে।’
ছোটবেলা থেকে লেখালেখি অভ্যাস মিঠুর। ডায়েরিতে ছোটগল্প বা কোন ঘটনা লেখা থেকেই মনে হতো শব্দ নিয়ে খেলি। সেই থেকেই শব্দ খেলার প্রতি ভালোবাসা শুরু। তবে কখনই সেগুলো প্রকাশ হয়নি। সেই ডায়েরি বা কোন মলাট খাতার ভাজেই সীমাবদ্ধ। এরপর এক সময় বিশ্ববিদ্যালয় পড়াশুনার পাশাপাশি ২০১২ সালে পত্রিকার শব্দ জগতে পায়চারি। চলছে অবিরাম। চাকরী সূত্রে এখন দৈনিক ইত্তেফাকের বিনোদন বিভাগে আছেন।
জন্ম ১৪ অক্টোবর ঢাকার মগবাজার এলাকায়। সেখানে বেড়ে ওঠা কিছুটা সময়। এরপর বাবার চাকরি সূত্রে নারায়ণগঞ্জে বসবাস শুরু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন নারায়ণগঞ্জে। এরপর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে গণমাধ্যম ও সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেন।
ইত্তেফাক/রাফাত
