সম্পর্ক জোরদারে মেক্সিকো সফরে যাবেন মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৯
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলেরসন ও স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী জন কেলি ‘গঠনমূলক’ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি মেক্সিকো সফরে যাবেন।
 
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, দুই দেশের মধ্যে ‘একটি সম্মানজনক, ঘনিষ্ঠ ও গঠনমূলক সম্পর্ক গঠনের’ লক্ষে মার্কিন দুই কর্মকর্তা এ সফর করবেন।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ওপর অভিযান ও বাণিজ্যিক সম্পর্ক সংশোধনের অঙ্গীকার করার পর দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
নির্বাচনী প্রচারণাকালেও ট্রাম্প মেক্সিকো থেকে আসা অভিবাসীদের ধর্ষক ও অপরাধী বলে উল্লেখ করেছিলেন।
 
ট্রাম্প এও বলেছিলেন, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে এবং এর খরচ মেক্সিকোকে বহন করতে হবে।
 
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৭ জানুয়ারি দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোনে আলাপকালে ‘সংলাপ শুরুর ব্যাপারে’ একমত হয়েছিলেন। তারই সূত্র ধরে মার্কিন দুই মন্ত্রী মেক্সিকো আসছেন।
 
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, টিরারসন ও কেলি মেক্সিকোর কোন কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক এবং তাদের সফরের আলোচ্য-সূচি কি হবে তা আগামীতে প্রকাশ করা হবে। বাসস/এএফপি/জিএমআর।
 
ইত্তেফাক/সেতু