জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান নারায়ণগঞ্জে গ্রেফতার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২৩:০০

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান মো: তরিকুল  ইসলাম ওরফে নাজমুস সাকিবকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১। নারায়ণগঞ্জের লঞ্চঘাট এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বই, লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল ও ১টি চাপাতি। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে  বাগেরহাটের কচুয়া, ডিএমপি যাত্রাবাড়ী, নরসিংদী সদর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ র্যাব-১১ সদর দপ্তরে গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, ইতিপূর্বে গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। ধৃত তরিকুল ২০০৪ সালে বাগেরহাটের কচুয়া থানার মাধবকাঠি আহমাদিয়া ফাজিল মাদ্রাসা হতে দাখিল, ২০০৬ সালে খুলনা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা হতে আলিম, ২০১০ সালে ঢাকার মদিনাতুল উলুম বালক কামিল মাদ্রাসা হতে ফাজিল এবং ২০১৩ সালে কামিল পাস করে। এরই পাশাপাশি ২০১১ সালে আহসান উল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিবিএ পাস করে এবং ২০১৩ সালে এমবিএ পড়াকালীন উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। এক পর্যায়ে তত্কালিন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান আব্দুল­াহ আল মামুনের সাথে তার পরিচয় হয়। মামুনের মাধ্যমে সাকিব জেএমবিতে যোগদান করে।

র্যাব অধিনায়ক আরো জানান, ২০১৬ সালে বাগেরহাট পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মামুন নিহত হলে জেএমবির দক্ষিণাঞ্চলীয় প্রধান হয় তরিকুল। দায়িত্ব পাওয়ার পর খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির কর্মী সংখ্যা বাড়ানোর তত্পরতা শুরু করে সে। তার মাধ্যমে প্রায় ৫০ জন জেএমবিতে যোগ দেয়। এদের অধিকাংশকে বিভিন্ন সময়ে আইন শৃংখলা বাহিনী গ্রেফতার করেছে।

তিনি আরো জানান, জেএমবিকে পুনর্গঠিত করতে অস্ত্র সংগ্রহের চেষ্টা অব্যাহত এবং জামালপুর জেলার যমুনা নদীর চরে জেএমবির নতুন ১টি প্রশিক্ষণ শিবির খোলার কথা ছিল বলে তরিকুল র্যাবের কাছে স্বীকার করেছে।