এবারের বইমেলায় ১৩টি ছোটগল্প নিয়ে বের হচ্ছে ‘সব গল্পের শিরোনাম এক’। তরুণ সাংবাদিক সাজেদুল ইসলাম শুভ্রর সংকলনে এতে লিখেছেন ১৩ জন তরুণ লেখক। ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে বইমেলায় এই বইটি পাওয়া যাবে সাহস প্রকাশনীর ৩৬৯ নম্বর স্টলে। একই শিরোনামে লেখা গল্প নিয়ে এরকম সংকলন প্রথমবারের মতো বের হচ্ছে।
সংকলক সাজেদুল ইসলাম শুভ্র বইটি সম্পর্কে বলেন, এতে ১৩ টি ছোটগল্প রয়েছে যার সবগুলোর শিরোনাম এক। শিরোনাম বা নাম এক হলেও প্রতিটি গল্পের প্লটই আলাদা। কেউ এই এক নিয়েই সায়েন্স ফিকশন লিখেছেন, কারো কাছে এক হয়েছে একাকীত্বের গল্প, কারো কাছে বা এক থেকে দুই হওয়ার গল্প।
তিনি আরও জানান, সংকলনের অধিকাংশ লেখকই এবার প্রথম লিখলেন, কিন্তু তাদের গল্পে রয়েছে মুন্সিয়ানা। আর একই থিমে গল্প লেখার এই বিষয়টা লেখকরা উপভোগ করেছেন, আশা করি পাঠকরাও এই বৈচিত্রে আনন্দ পাবে।
বইটি সম্পর্কে সাহস প্রকাশনীর কর্ণধার নাজমুল হুদা রতন বলেন, ভিন্নধর্মী একটি সংকলন করলাম। বেশিরভাগ গল্পই সাবলীল বর্ণনায় লেখা, পাঠকের আশা করি ভালো লাগবে।
তিনি জানান, আমি বরাবরই নবীন লেখকদের ভালোমানের লেখা প্রকাশ করে থাকি। তারই অংশ হিসেবে একঝাক তরুণ ও নবীন লেখকের এই সংকলন বের করার উদ্যোগ।
বইটিতে যাদের লেখা ছাপা হয়েছে, তারা হলেন- আফরিদা মাহজাবীন পিদিম, অভ্র আহমেদ, সাদিয়া ইসলাম বৃষ্টি, জামসেদুর রহমান সজীব, মশিউর রহমান শান্ত, মীম নোশিন নাওয়াল খান, দেবব্রত ভৌমিক, মীর মাইনুল ইসলাম, তাসনুভা রাইসা, মোসাব্বের হাসান মুয়ীদ, আহসান রনি, সাদেকীন হায়দার, মুশফিকা বাতেন প্রিথুলা।
সব গল্পের শিরোনাম এক এর প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ৩৬৯ নম্বর স্টলে সাহস প্রকাশনী থেকে যে কেউ বইটি সংগ্রহ করতে পারবেন। মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।
ইত্তেফাক/কাউছার
