বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, নওগাঁ থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
