মির্জাপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অপপ্রচার বিদ্যালয়ে অচলাবস্থা

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২৩:০৪

বিদ্যালয়ে পরিত্যক্ত একটি কক্ষে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে ঐ ছাত্রী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তারা প্রত্যেকেই ধর্ষণের ঘটনাকে একটি সাজানো নাটক বলে দাবি করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাকে পুঁজি করে একটি পক্ষ ছাত্রী ধর্ষণের মতো ঘটনা সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে। একটি গ্রুপ ধর্ষণের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করছে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার ১নং মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ে। ঘটনার পর লোক লজ্জার ভয়ে ৬ষ্ঠ শ্রেণির ঐ ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।