স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান দুর্নীতির অভিযোগে গ্রেফতার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১
স্যামসাং গ্রুপের ভাইস চেয়ারম্যান লি জি ইয়ংকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। এই গ্রুপের উত্তরাধিকারী লি ঘুষ গ্রহণ ও অন্যান্য বেশ কয়েকটি অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই যে কেলেঙ্কারিতে অভিশংসনের সম্মুখীন হয়েছেন তার সঙ্গে ইয়ংয়ের মামলার সম্পর্ক রয়েছে। 
 
স্যামসাংয়ের বিরুদ্ধে সরকারি সুযোগ কাজে লাগিয়ে অভিশংসনের সম্মুখীন প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বান্ধবী চোই সুন সিল পরিচালিত অলাভজনক ফাউন্ডেশনগুলোতে অনুদান দেয়ার অভিযোগ আছে। তবে লি ইয়ং ও তার স্যামসাং কোম্পানিএ অভিযোগ অস্বীকার করেছে।
 
স্যামসাংয়ের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা লি ইয়ং-কে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় জানুয়ারিতে। তবে তখন তাকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে তাকে দ্বিতীয়বারের মত জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল শুক্রবার আদালত নতুন অপরাধের অভিযোগ এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে ইয়ংকে গ্রেপ্তার করা জরুরি বলে অভিমত দেয়। প্রসিকিউশনকে এখন আগামী ২০ দিনের মধ্যে তদন্ত করে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনতে হবে। জি ইয়ং বর্তমানে স্যামসাং ইলেক্ট্রনিকস এর ভাইস চেয়ারম্যান হলেও বাবার অবর্তমানে তিনিই স্যামসাং গ্রুপের প্রধান হিসাবে গণ্য। তার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো কোম্পানির জন্য একটি বড় ধাক্কা। এএফপি।