ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে নওগাঁয় সাইকেল র‌্যালি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৩
সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে নওগাঁয় এই প্রথম বারের মতো সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে নওগাঁ পুলিশ লইনস্ থেকে একটি র‌্যালি বের করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোজাম্মেল হক। 
 
ব্যতিক্রম এই আয়োজনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও নানান শ্রেণি পেশার প্রায় ৮শ’ সাইকেল আরোহী এতে অংশ গ্রহণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন- একুশে পদকপ্রাপ্ত নৃত্য পরিচালক আমানুল হক, দেশের প্রথম দুইবার এভারেস্ট বিজয়ী এমএ মুহীত ও দেশের প্রথম এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার উপস্থিত ছিলেন।
 
পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল রাবির সভাপতিত্বে ডা. ময়নুল হক দুলদুল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এমএম রাসেল, পৌর সভার সাবেক প্রকেীশলী গুরুদাস দত্তসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সরকরি কেডি স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল রাবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম