ফরিদপুরে স্বামী-স্ত্রীর বিরোধ ঠেকাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২
ফরিদপুর শহরের লক্ষিপুরের রেল ডক এলাকায় (ডকবস্তি) স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ ঠেকাতে গিয়ে প্রাণ গেল আজাদ শেখ নামে এক যুবকের। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ আরো ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত যুবক ও অভিযুক্ত যুবক একে অপরের ভায়রা ভাই। 
 
এদিকে এই হত্যাকাণ্ডে বিচার দাবি করে বেলা ৩টায় মানববন্ধন করেছে ওই এলাকাবাসী। এর আগে তারা ডক বস্তি এলাকা থেকে মিছিল নিয়ে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আসে। পরে প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে তারা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। 
 
নিহতের স্ত্রী লাকী জানান, তার বোন ও আঁখির বাড়ি পাশেই। সকালে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। সে কথা শুনে আমার স্বামী আজাদ ওদের বাড়ি গিয়েছিল ঝগড়া থামাতে। কিন্তু আমার বোনের স্বামী বাচ্চু রড দিয়ে আমার স্বামীর মাথায় বারি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরই পালিয়ে যায় বাচ্চু। 
 
পরে সদর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত বাচ্চুকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে বাচ্চুর স্ত্রী আঁখি ও মা মমতাজকেও আটক করেছে পুলিশ। 
 
এই ঘটনায় নিহত আজাদের বড় ভাই সাগর শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। 
 
ফরিদপুর কোতয়ালী থানার এস আই অসিম মন্ডল জানান,  সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, ময়না তদন্ত প্রতিবেদন পেয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম