বিভিন্ন স্থানে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উত্সব। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বাগেরহাট :পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো সুন্দরবনের দুবলার চরের রাস উত্সব। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে শুক্রবার ভোরে সূর্যোদয়ের পর দিনের প্রথম জোয়ারের শুরুতে হাজার-হাজার পুণ্যার্থীদের বঙ্গোপসাগরের নোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহাসিক রাস উত্সব। রাস উত্সব উপলক্ষে এবারও বসে তিন দিনের মেলা। পুণ্যস্নান শেষ হবার পরপরই পুণ্যার্থী ও দেশি-বিদেশি পর্যটকসহ দোকানিরা সুন্দরবন থেকে আবার ফিরতে শুরু করেছে লোকালয়ে। বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের দ্বীপ দুবলরা চরের আলোরকোলে আড়াই শত বছরের অধিক সময় ধরে প্রতি বছর কার্ত্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথমে ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উত্সব উদযাপিত হয়ে আসছে। সুন্দরবনের রাস উত্সবটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হলেও এটি এখন পরিণত হয়েছে সব ধর্মের মানুষের মিলন মেলায়।
পিরোজপুর ও শরণখোলা (বাগেরহাট):সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলে গতকাল শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে-সাথে প্রথম জোয়ারে হিন্দু ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী রাস উত্সব বঙ্গোপসাগরের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন মুঠোফোনে জানান, এবারের রাস উত্সবে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া প্রধান অতিথি ও বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মোঃ আমির হোসাইন চৌধুরী এবং পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাস উত্সব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত রাস উত্সবে ৪০/৫০ হাজার পুণ্যার্থী ও পর্যটক যোগ দিয়েছে।
রাস উত্সব কমিটির সভাপতি ও দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ দুবলারচর থেকে মুঠোফোনে জানান, বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা দ্বীপ দুবলারচরের আলোরকোলে আড়াইশ’ বছরের অধিক সময় ধরে নভেম্বর মাসের রাস পূর্ণিমায় সনাতন হিন্দু ধর্মের লোকেরা এই রাস উত্সব পালন করে আসছে। প্রতিবছর রাস উত্সবকে ঘিরে এখানে বসে দেশি-বিদেশি লক্ষাধিক লোকের এক মিলনমেলা।
মঠবাড়িয়া (পিরোজপুর):মঠবাড়িয়ায় তিন দিনব্যাপী ২৬তম রাসোত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের শ্রীমত্ আচার্য্য বিবেকানন্দ গোস্বামী প্রতিষ্ঠিত বাংলাদেশ সেবাশ্রম অঙ্গনে এ রাসোত্সব সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ সমবেত হন।
রাস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী আশুতোষ পাইক জানান, সেবাশ্রমের সেবায়েত শ্রী সুভাষ চন্দ্র বিশ্বাসের পৌরহিত্যে রাসোত্সবে শ্রী গুরুদেবের বর্ণনা, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন, রাস ও সাজ কীর্তন, সন্ধ্যা আরতী, গুরু মহিমা কীর্তন, ভজন কীর্তন, ভগবত গীতা পাঠসহ নানা পূজা অর্চনাদি ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এছাড়া এ রাসোত্সব ঘিরে গত তিন দিন আশ্রম অঙ্গন জুড়ে গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।
