বাঘাইছড়ির মেয়র হলেন নৌকার প্রার্থী জাফর আলী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৪
নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীন অনুষ্ঠিত প্রথম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট। বিএনপির প্রার্থী ও দলটির উপজেলা কমিটির সভাপতি ওমর আলী ধানের শীষ প্রতীক নিয়ে পান ১ হাজার ৭৯৮ ভোট।
 
শনিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। বাঘাইছড়ি পৌর নির্বাচনে সকাল আটটা থেকে পৌর এলাকার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এবারের নির্বাচনেও নারী ভোটারের উপস্থিতি ছিলো বেশী। পৌর এলাকার মোট ৯ টি কেন্দ্রে বিজিবি, র্যাব ও পুুলিশসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন জানিয়েছেন বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। এর মধ্যে নির্বাচনে ৭০ থেকে ৭৫ ভাগ ভোট পড়েছে।
 
পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা অত্যন্ত শান্তি পূর্ণ ভাবে ভোট দিয়েছে। কয়েকটি কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধ ভোটাররাও ভোট দিয়েছেন। কেন্দ্র গুলোর বাইরে ছিলো উত্সব মুখর পরিবেশ। আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট দের মোবাইল টিম সার্বক্ষণিক কেন্দ্রগুলোর দায়িত্বে নিয়োজিত ছিলো।
 
এই বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদউল্লাহ সংবাদিকদের জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো তত্পর। পুলিশ ও আনসারের পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তত্পরতার কারণে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
 
অনলাইন ডেস্ক/মণ্ডল