অমর একুশে গ্রন্থমেলায় এ পর্যন্ত ২ হাজার ২৭৫টি নতুন বই এসেছে। এর মধ্যে কবিতা ৬৮৪টি, উপন্যাস ৩৭৯টি, গল্প ৩১৫টি ও প্রবন্ধ ১১১টি উল্লেখযোগ্য।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় গ্রন্থমেলার দ্বার খোলে বেলা ১১টায়। তবে সকাল সাড়ে ১০টায় অমর একুশে উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক রফিকউল্লাহ খান, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া এবং বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আকিবা আফরোজ রাকা, দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে সুমাইয়া সাবিকুন্নাহার ও তারানা তাবাসসুম মিম এবং তৃতীয় হয়েছেন নামিরা রহমান অন্তরা।
সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মারজান শাওয়াল রিজওয়ান, দ্বিতীয় হয়েছেন যুগ্মভাবে রাইসা চৌধুরী ও নাবিলা হক বিসিম এবং তৃতীয় হয়েছেন সায়েদা করিম মেশা। আজ গ্রন্থমেলায় ১৫৬টি এবং ৬১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় নব্বইয়ের দশকের কবিতা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ শরিফ। প্রবন্ধ উপস্থাপন করেন কবি মোস্তাক আহমাদ দীন। আলোচনায় অংশগ্রহণ করেন ড. শহীদ ইকবাল এবং ড. এ. এম. মাসুদুজ্জামান।
ইত্তেফাক/মণ্ডল
