পাকিস্তানি অনুপ্রবেশের আশঙ্কায় গুজরাট বন্দরে সতর্কতা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৮
ভারতে গুজরাটের কুচ জেলার জাখাও বন্দরে পাকিস্তানি অনুপ্রবেশের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর খবরের ভিত্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে। 
 
গোয়েন্দা সংস্থাগুলো জানায়,জাখাও বন্দর দিয়ে নৌকায় করে অবৈধভাবে পাকিস্তানি ঢুকে পড়ার খবর তাদের কাছে রয়েছে। তাই সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সেখানে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়,দুইটি নৌকায় করে এ অনুপ্রবেশ ঘটতে পারে। 
 
যাতে একটিতে পাকিস্তানি নাগরিকদের নিয়ে সেখানে ঢুকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কুচ রেঞ্জের আইজিপি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশ রুখতে সবধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, তাদের কাছে খবর এসেছে যে জাখাওয়ে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে এ অনুপ্রবেশ ঘটতে পারে। 
 
পাকিস্তানি যে নাগরিকদের অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, তারা পূর্বাঞ্চলের আদিপুর থেকে সড়ক পথে এসে নদীপথে ভারতে ঢুকার পরিকল্পনা করছে। পুলিশ জানায় অনুপ্রবেশের খবরের ভিত্তিতে সেখানে টহল ও তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া হোটেল ও গেস্ট হাউসগুলোতেও অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির