ফিলিপাইনে হত্যাকাণ্ডের বিরুদ্ধে হাজারো মানুষের মিছিল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪০
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পুনরায় মৃত্যুদণ্ড বহালের পরিকল্পনার প্রতিবাদে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শনিবার মিছিল ও সমাবেশ করেছে হাজার হাজার ক্যাথলিক খ্রিস্টান। হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশটিতে সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে বড় জমায়েত। উল্লেখ্য, আট মাস আগে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দায়িত্ব নেয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে ফিলিপাইনে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
 
শনিবার সকালে সূর্যোদয়ের সময় প্রার্থনা ও স্তবসংগীত গাওয়ার মধ্য দিয়ে ম্যানিলায় প্রতিবাদী মিছিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘ওয়াক ফর লাইফ’ নামে অভিহিত এই মিছিলে ৫০ হাজার ক্যাথলিক খ্রিস্টান অংশ নিয়েছিল বলে সংগঠকরা দাবি করেছেন। তবে ফিলিপাইনের পুলিশ বলেছে, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা  ছিল ১০ হাজারের মতো। মিছিল-সমাবেশে বক্তারা নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানকে ‘সহিংসতার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার’ জন্য অভিযুক্ত করেন।
 
ম্যানিলার বিশপ ব্রডেরিক প্যাবিলো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা উঠে দাঁড়িয়েছি। যেকোনোভাবে এরই মধ্যে বিশ্বাসীদের দ্বারা এটা একটি প্রদর্শনী যে, তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করে না।’ 
 
ফিলিপাইনের ৮০ ভাগ মানুষ ক্যাথলিক খ্রিস্টান এবং ক্যাথলিক চার্চ দেশটির অন্যতম একটি পুরনো ও ক্ষমতাশালী সংগঠন। তবে বহু ক্যাথলিক খ্রিস্টান এখনো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধের সমর্থক। মাদকবিরোধী যুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশ-বিদেশে সমালোচনার মুখে পড়েছেন ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। আল জাজিরা ও রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির