মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান বিতর্কিত প্রুইট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৭
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ‘এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির’ (ইপিএ) প্রধান হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত স্কট প্রুইট। প্রুইট নিজেই এই সংস্থাটির একজন তীব্র সমালোচক ছিলেন। এর আগে বেশ কয়েকবার ইপিএর বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়েছেন।
 
ডেমোক্রেট সিনেটররা প্রুইটের নিয়োগে বাধা দিতে চাইলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে তা অনুমোদন পেয়ে যায়। ৫২-৪৬ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। জ্বালানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে প্রুইটের নিয়োগ সংক্রান্ত ভোটাভুটি প্রথমে বয়কট করেছিল ডেমোক্রেটরা। কিন্তু আগে থেকেই প্রুইটকে পরিবেশ বিষয়ক এই সংস্থাটির জন্য মনোনীত করে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
 
প্রুইটের বিরুদ্ধে তেল ও গ্যাস কোম্পানির নির্বাহীদের সঙ্গে ই-মেইল বিনিময়ের অভিযোগ ছিল। অবশ্য ওই অভিযোগ বরাবরই অস্বীকার করেন তিনি। তবে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের পাওয়ার প্লান্টগুলোতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ওবামার ‘ক্লিন পাওয়ার প্লানের’ বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রুইট। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির