রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজস নিয়ে করা রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট মধ্য এপ্রিলে প্রকাশ করা হবে। শুক্রবার আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রায় ৪০০ পৃষ্ঠার এই রিপোর্ট খুব শিগগিরই জনগন পড়তে পারবেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আগামী পহেলা ও ২ মে তিনি এই বিষয়ে সিনেট ও হাউস জুডিশিয়ারি কমিটির সামনে সাক্ষ্য দেবেন। দীর্ঘ ২২ মাসের তদন্ত শেষে গত ২২ মার্চ অ্যাটর্নি জেনারেলের কাছে রিপোর্ট হস্তান্তর করেন রবার্ট মুলার। এরপর মাত্র চার পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেন উইলিয়াম বার। এতে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন। -সিএনএন
