আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বেনাপোল চেকপোস্টে একই মঞ্চে বসবে দু বাংলার ভাষা প্রেমী মানুষের মিলন মেলা।
এবার এ মিলন মেলার একুশে মঞ্চের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু মঞ্চ’। সীমান্তের জিরো পয়েন্টে দু-বাংলার ভাষা প্রেমী মানুষদের মিলন মেলা অনুষ্ঠানের শেষ সময়ের প্রস্তুতি চলছে জোরেসোরে।
প্রতি বছরের ন্যায় এবারো বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বসবে দুই বাংলার ভাষা প্রেমী মানুষের মিলন মেলা। তবে এবার অনুষ্ঠানটি হচ্ছে ভিন্ন আঙিকে। অন্য বছরে দুই বাংলায় পৃথক পৃথক অনুষ্ঠান হলেও এবার হচ্ছে একই মঞ্চে। মঞ্চে থাকবে দু-বাংলার মন্ত্রী, কবি ও সাহিত্যক। আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ভারতের পেট্রাপোল বনগাঁ পৌর সভার মেয়র এবং বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।
‘আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস অমর হোক, বিশ্ব জুড়ে বাংলা ভাষা চালু হোক’ এ স্লোগান দিয়ে শুরু হবে দু-বাংলার একুশ উদযাপন। তাই এখন দু-দেশের একুশ উদযাপন কমিটির আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়। সীমান্তের জিরো পয়েন্ট ঘেষে একুশ উদযাপনের মঞ্চ তৈরির কাজ চলছে। আর নো-ম্যান্স ল্যান্ডে নির্মিত হচ্ছে অস্থায়ী শহীদ মিনার।
ইত্তেফাক/উজ্জল
