কুষ্টিয়ায় র‌্যাব হেফাজত থেকে হ্যান্ডকাপ লাগানো মাদক ব্যবসায়ীর পলায়ন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৬
 
কুষ্টিয়ায় র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে আটক হওয়া মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে হোকবা (৪০) হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে গেছে। রবিবার সকালে শহরের মিলপাড়াস্থ চালের বর্ডার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর র‌্যাব-পুলিশের যৌথ টিম দিন-ভর অভিযান চালিয়েও পলাতক ওই আসামিকে আটক করতে ব্যর্থ হয়।
 
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, সকাল নয়টার দিকে হাবিবুর রহমানের বাড়িতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাব তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী হোকবাকে আটক করে। আটকের পর হোকবা র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে ফিল্মি কায়দায় হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনার পর র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং পরবর্তীতে পলাতক ওই আসামিকে আটক করতে মিলপাড়াসহ আশপাশের এলাকায় র‌্যাব-পুলিশের দিনভর চিরুনি অভিযান চলে। কিন্তু দিন-ভর অভিযান সত্ত্বেও র‌্যাব হেফাজত থেকে পলায়নকৃত ওই আসামিকে আইন-শৃংখলা বাহিনী গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় মাদক ব্যবসায়ী পলায়নের বিষয়টি র‌্যাব অস্বীকার করে আসছে।
 
র‌্যাব-১২ ইউনিটের কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, হ্যান্ডকাপ লাগানোর আগেই ধৃত মাদক ব্যবসায়ী হোকবা র‌্যাবকে ধাক্কা মেরে পালিয়ে গেছে। পলাতক ওই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। পলাতক ওই মাদক ব্যবসায়ীর নামে থানায় মামলাসহ অপরাধ কর্মের নানা অভিযোগ রয়েছে বলেও র‌্যাব জানায়।
 
পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, পুলিশ হেফাজত থেকে আসামি পলায়নের কোনো ঘটনা ঘটেনি। র‌্যাবের অভিযানে আটকের পর চিহ্নিত এক মাদক ব্যবসায়ী পালিয়েছে বলে তিনি জানান।
 

ইত্তেফাক/মণ্ডল