ব্রেক্সিট সংকট

মের চুক্তি চতুর্থ দফায় ভোটের জন্য পার্লামেন্টে তোলার চেষ্টা

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০০:৫৭

চতুর্থ দফায় ভোটের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের খসড়া ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে উঠানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা এই উদ্যোগ নিচ্ছেন। থেরেসা মে বলেছেন, ব্রেক্সিটের জন্য যুক্তরাজ্যকে শিগগিরই একটি বিকল্প উপায় খুঁজে বের করত হবে। এর আগে বৃহস্পতিবার মের চুক্তি তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করে দেশটির পার্লামেন্ট। মের আনা চুক্তি যে শুধু পার্লামেন্টে পাস হয়নি তা নয়, তার আগে যেসব বিকল্প প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছিল সেগুলোর কোনোটিই পাস হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, আগামী সোমবার আরো কিছু বিকল্প প্রস্তাবের ওপর ভোট দেবেন এমপিরা। তবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি চেয়ারম্যান ব্র্যান্ডন লুইস বলেছেন, সরকার কোনো প্রস্তাবেই সমর্থন দেয়নি। জানা যাচ্ছে, একটি কাস্টম ইউনিয়ন গঠন ও নিশ্চয়তামূলক গণভোটের ব্যাপারে এমপিরা ইঙ্গিতমূলক ভোট দিতে পারেন। থেরেসা মের চুক্তি প্রত্যাখ্যাত হওয়ার পর যুক্তরাজ্যের পার্লামেন্টে কার্যত এক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এখন ব্রিটেনকে হয়তো কোনো চুক্তি ছাড়াই ১২ এপ্রিল ইইউ ত্যাগ করতে হবে।