‘মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার তথ্য সঠিক নয়’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১০

মিয়ানমারে রোহিঙ্গা ফিরে যাওয়ার তথ্য সঠিক নয় দাবি করে রোহিঙ্গা নেতারা জানান, গত এক সপ্তাহে ২৫ জন আহত নরনারীসহ শতাধিক রোহিঙ্গা পরিবার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে বালুখালী বস্তিতে আশ্রয় নিয়েছে।

এখানে বসবাসরত মিয়ানমারে এক শ্রেণীর সোর্স নামধারী রোহিঙ্গা স্থানীয় প্রশাসনকে বিভ্রান্ত করার অপকৌশল হিসাবে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাচ্ছে মর্মে অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ।

গতকাল সোমবার সকালে উখিয়ার বালুখালী বস্তি এলাকা ঘুরে সদ্যাগত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, মংডু আরকান রাজ্যের বড় গৌজবিল, ছোট গৌজবিল, ঢেকিবনিয়া, কাটাখালী, হাতিমোরা, নাগপুরা, লোদাইং, লম্বাঘোনা, লুংডুং, বলি বাজার, আইয়ুবের চর, মার্মা খালী, জাম্বুনিয়া, সিকদারপাড়া, খেয়ারিংপ্রাং, সাতগরিয়া পাড়া, নাইছাপ্রু ও বড়ডেইল এলাকা থেকে গত এক সপ্তাহে প্রায় শতাধিক রোহিঙ্গা পরিবার পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বালুখালী বস্তিতে।

বালুখালী বস্তির ১নং ব্লকের মাঝি খলিল ও ২নং ব্লকের মাঝি ছাবের আহমদ জানান, গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বর্মী সেনা ও রাখাইন যুবকেরা বিচ্ছিন্নভাবে গ্রামে গ্রামে হামলা চালিয়ে যুবতী নারীদের ধর্ষণ করেছে। পুরুষদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেছে। যে কারণে রোহিঙ্গারা মাতৃভূমির মায়া ত্যাগ করে এদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।

ইত্তেফাক/নূহু