পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ছয়

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৭

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

খুলনা অফিস ও ডুমুরিয়া: খুলনায় বালুবাহী ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের পূর্ব জিলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীর মহল-খাজুরা গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩৫)।

পরশুরাম (ফেনী):ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লেমুয়ায় সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (৪৮) ও মানিক (৩৫) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। শুক্রবার ভোরে ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুলের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে এবং মানিকের বাড়ি একই জেলা ঈশ্বরগঞ্জে বলে জানায় পুলিশ। তারা দুজনই ট্রাকের শ্রমিক। আহতরা হলেন— নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার ইমাম হোসেনের ছেলে নুরুল ইসলাম, নরসিংদী জেলার মাধবদী এলাকার শাহপরাণ, একই জেলার সদারচর এলাকার তানভীর ইসলামের ছেলে দ্বীন ইসলাম ও মাধবদী এলাকার আকবর আলীর ছেলে জুয়েল। তাদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকেরহাট (মাদারীপুর):মাদারীপুরের রাজৈরে বাসচাপায় হেলপাড় বোরহান (৪০) নামে এক বাসের হেলপাড় নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সাধুর ব্রিজ নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান (৪০) মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের মোয়াজ্জেম মোড়লের ছেলে।

শ্যামনগর (সাতক্ষীরা):শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস হোসেন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুর আনছারের ইটভাটা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে নকিপুর গ্রামে নজরুল শেখের ছেলে।