বাংলাদেশের তথ্য ভারতে পাচারের চেষ্টা, যুবক আটক

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৫:৪৯

ভারতে তথ্য পাচারের অভিযোগে এক যুবকের দুই বছর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে তাকে সাজা দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মিঠুন গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ কানাপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। এর আগে শনিবার সকাল ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের সাহেবনগর বিওপি এলাকা থেকে মিঠুনকে আটক করে বিজিবি।

এ সময় তার কাছে থাকা মোবাইল থেকে ভারতে তথ্য পাচারের প্রমাণ মেলে। ওই যুবকের কাছে ২০ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজা এবং ১০ হেরোইন ও ১০ পুরিয়া পায় বিজিবি।

আরো পড়ুন: গ্রিন লাইনের বাসে পা হারানো রাসেল পাবেন অর্ধকোটি

রাজশাহী ১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে বিজিবির টহল দলের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় সিম কার্ডসহ মোবাইল সেট উদ্ধার করা হয়। এছাড়াও কিছু মাদক উদ্ধার করা হয়। পরে তাকে বিজিবি সদর দফতরে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় ওই যুবক জানান, গত ৩ মার্চ সাহেবনগর বিওপি এবং বিওপির এলএমজি ব্যাংকারসহ অন্যান্য তথ্য সম্বলিত ছবি মোবাইলে ধারণ করেন। পরে ২৪ মার্চ এসব তথ্য ভারতে বসবাসকারী তার মামাত ভাই মহিদুল ইসলামের কাছে পাঠিয়ে দেন।

জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। এ সময় সেখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। যার মামলা নম্বর ১৭ সি/১৯, তারিখ ৩০ মার্চ ২০১৯। আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ